শেয়ার করুন……………….
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালের বিরুদ্ধে তার এক রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ সময় পাল্টা হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন জালালও।
জানা গেছে, মারধরের ঘটনার পর আটক হয়েছেন ডাকসুর ভিপি প্রার্থী এবং টিভি ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের ২০১৩ -১৪ সেশনের শিক্ষার্থী জালাল। তার বিরুদ্ধে হল প্রশাসন বাদী হয়ে মামলা করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ।
গতকাল শুরু হয়েছে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারনা। প্রথম দিনেই মধ্যরাতে মারামারিতে জড়ালেন ভিপি প্রার্থী জালাল।
হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থীরা জানান, হলে লাইট ‘অন অফ’ করা নিয়ে জালালের সাথে কথা কাটাকাটি হয় ২০১৮-১৯ সেশনের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল হকের। এক পর্যায়ে ভাঙা টিউবলাইট দিয়ে রবিউলের বুকে আঘাত করে ভিপি প্রার্থী জালাল।
আহত রবিউলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান শিক্ষার্থীরা। তবে সে সময় নিজেকে রুমে অবরুদ্ধ করে রাখেন জালাল আহমদ। পরে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান, জালালের নামে বাদী হয়ে মামলা করবে হল প্রশাসন। ডাকসু নির্বাচনে তার প্রার্থিতা থাকবে কিনা এ নিয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে হল প্রভোস্টের পদত্যাগের বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার কথাও জানান তিনি।