শেয়ার এবং ফলো করুন……………….
কুয়েতের আকাশসীমায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের ব্যাপারে ধারণা করা হয়েছিল ভূমি থেকে নিক্ষিপ্ত করা আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র (এসএএম) ব্যবহার করে বিমানগুলো ধ্বংস করা হয়। তবে পরে জানা যায়, মার্কিন নৌবাহিনীর ব্যবহৃত এবং যুক্তরাষ্ট্রের নিজেদের তৈরি এফ/এ-১৮ যুদ্ধবিমানই ভুলবশত তিনটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে। মঙ্গলবারের (৩ মার্চ) এই ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে।
কী এই এফ/এ-১৮ হর্নেট?
এফ/এ-১৮ হর্নেট একটি সামুদ্রিক মাল্টিরোল যুদ্ধবিমান, যা মূলত মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরীর ডেক থেকে পরিচালিত হয়। প্রথম প্রজন্মের এফ-১৮-এর পর নতুন প্রজন্মের বিভিন্ন সংস্করণ তৈরি হয়েছে যুদ্ধবিমানটির। এগুলোর দায়িত্ব ও সক্ষমতাও একে অপরের থেকে ভিন্ন। এই নৌভিত্তিক যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের প্রায় সব বড় সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছে। এর মধ্যে রয়েছে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর শুরু হওয়া সন্ত্রাসবিরোধী যুদ্ধ অভিযানও।
‘এফ/এ’ শব্দটির অর্থ হলো—এই যুদ্ধবিমানটি একই সঙ্গে আকাশে শ্রেষ্ঠত্ব অর্জন (এয়ার সুপিরিয়রিটি) এবং ভূমিতে আঘাত হানা বা স্ট্রাইক, দুই ধরনের ভূমিকা পালন করতে পারে। এই দ্বৈত সক্ষমতার কারণে এফ/এ-১৮ বহুমুখী মিশনে ব্যবহারযোগ্য। তবে, কুয়েতের আকাশে কীভাবে এই ‘ভুল হামলার ঘটনা ঘটেছে, তা এখনও তদন্তাধীন।
টপ গান থেকে টপ গান-২
এফ/এ-১৮ হর্নেট আসলে মার্কিন নৌবাহিনীর বিখ্যাত এফ-১৪ টমক্যাট যুদ্ধবিমানের উত্তরসূরি। সুইপড-উইং ডিজাইনের এফ-১৪ টমক্যাট ১৯৮৬ সালের জনপ্রিয় চলচ্চিত্র টপ গানে ব্যবহৃত হয়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। পরবর্তীতে এফ/এ-১৮ হর্নেট শুধু এফ-১৪ টমক্যাটেরই নয়, বরং আগে ব্যবহৃত এ–৭ করসেয়ার ও এফ–৪ ফ্যান্টম যুদ্ধবিমানের দায়িত্বও গ্রহণ করে।
২০২২ সালে মুক্তি পাওয়া টপ গান–২ সিনেমায় এফ-১৮ হর্নেটকে দেখানো হয়েছিল। সিনেমায় এটি কাকতালীয়ভাবে প্রথম ‘টপ গান’ ছবিতে ব্যবহৃত নৌ-যুদ্ধবিমানের জায়গায় স্থান পায়। বোয়িংয়ের ভাষ্য, এফ/এ-১৮ সুপার হর্নেট হলো- ক্যারিয়ার এয়ার উইংসের মেরুদণ্ড। এটি একটি যুদ্ধ-প্রমাণিত, বহুমুখী স্ট্রাইক ফাইটার।
সুপার হর্নেট ও গ্রোলার একসঙ্গে কাজ করে
এফ/এ-১৮-এর আরেকটি বিশেষ সংস্করণ হলো ইএ–১৮ গ্রোলার। এটি মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী ইলেকট্রনিক যুদ্ধবিমান হিসেবে পরিচিত। গ্রোলার নিজেকে রক্ষা করার জন্য আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এবং একই সঙ্গে এমন অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম, যা স্বয়ংক্রিয়ভাবে রাডার সিগন্যালের উৎস, যেমন ভূমিভিত্তিক এসএএম সাইট লক্ষ্য করে ধ্বংস করতে পারে।
বোয়িংয়ের ভাষ্য অনুযায়ী, এফ/এ-১৮ সুপার হর্নেট ও ইএ-১৮ গ্রোলার একসঙ্গে একটি পরিপূরক ক্যারিয়ার-ভিত্তিক দল গঠন করে, যা বহু মাত্রিক আঘাত হানার সক্ষমতা এবং ইলেক্ট্রোম্যাগনেটিক আধিপত্য নিশ্চিত করে। কুয়েতের আকাশে সংঘটিত সাম্প্রতিক এই ভুল হামলার ঘটনা নতুন করে আবারও আলোচনায় এনেছে ‘টপ গান–২’-খ্যাত এই যুদ্ধবিমানকে, যেটি বাস্তব যুদ্ধক্ষেত্রের পাশাপাশি হলিউডের পর্দাতেও সমানভাবে পরিচিত।
সূত্র: এনডিটিভি