শেয়ার এবং ফলো করুন………………..
ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি নিজেই এ কথা জানিয়েছেন।
রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার পর দেয়া এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘গতকাল (শনিবার) থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত ইনশাআল্লাহ।’
পোস্টের পরের অংশে তিনি অনুসারীদের প্রতি অনুরোধ জানিয়ে লিখেছেন, ‘আপনাদের কাছে অনুরোধ রইলো, কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি, আমার অনুপস্থিতিতে সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার ৩ শিশু কন্যাসন্তানকে একটু দেখে রাইখেন।’
তবে কে বা কারা কোন মাধ্যমে তাকে হত্যার হুমকি দিচ্ছেন, এ ব্যাপারে পোস্টে কিছুই জানাননি আমির হামজা।
এর আগে গত শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন আমি হামজা।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি জানান, আলোচিত ওই বক্তব্যটি সাম্প্রতিক নয়; এটি ২০২৩ সালের। সে সময়েই তিনি বিষয়টি নিয়ে অনুতাপ প্রকাশ করেছিলেন। এখন আবারও তিনি ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছেন।