বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু রায়হান খান জানান, গত সোমবার শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ১৯৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আদালত তখন ভূঞাপুর থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন। কিন্তু বুধবার বাদী এসে মামলা প্রত্যাহারের দরখাস্ত জমা দেন। বিচারক রুমেলিয়া সিরাজাম তার জবানবন্দি গ্রহণ করেছেন। আগামী ১৩ আগস্ট মামলার পরবর্তী তারিখে আদালত এ বিষয়ে আদেশ দেবেন।
তবে মামলার বাদী কামরুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, মামলার পরদিন ঢাকার উত্তরায় বিএনপির এক নেতার বাসায় কয়েক দফা বৈঠকে মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল, পুলিশ ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, পাঁচজন সাংবাদিক এবং একজন আইনজীবীকেও আসামি করা হয়েছিল। অজ্ঞাত আরও ২০০ জনকে মামলায় আসামি করা হয়।






